দিপু মনির ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ, সমাজকল্যাণমন্ত্রী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দিপু মনির ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ, সমাজকল্যাণমন্ত্রী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ করা একাউন্টে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে। এছাড়া সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী হোসনে আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারক।

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, দীপু মনি তার অস্থাবর সম্পদ সমূহ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন বলে অনুসন্ধানে জানতে পারেছে দুদক। সে কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ১৬টি ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন। দীপু মনির ১৬টি হিসাবে ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা জমা করা হয়। এর মধ্যে তিনি ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা উত্তোলন করেছেন। এখন এসব হিসাবে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে।

ফ্যাসিস্ট সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ অগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে একাধিক মামলায় আসামি দীপু মনি। তিনি এখন কারাগারে।

এছাড়া সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী হোসনে আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে অপর এক আবেদন করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। এতে শুনানি করেন দুদকের প্রসিকিউটর রুহুল ইসলাম খান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন