রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা চাইল ইসি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা চাইল ইসি
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনও কোনো সময়সূচি নির্ধারণ না হলেও ভোটের প্রস্তুতিতে জাতীয় সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটি জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনও কোনো তারিখ বা সময়সূচি নির্ধারণ হয়নি। তবে এ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে।

ইসি সচিব আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি। তবে কমিশন প্রস্তুতি ধরে রেখেছে। অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু না হলে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আটটি রাজনৈতিক দল এখনো হিসাব জমা দেয়নি।

দলগুলো হচ্ছে- জাগপা, ‎তৃণমূল বিএনপি, ‎ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, ‎জাতীয় নাগরিক পার্টি, আম জনতার দল ও ‎জনতার দল।

ইসি সূত্র জানায়, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। তবে দিনটি সরকারি ছুটি হওয়ায় সময় বাড়িয়ে ২ আগস্ট (রোববার) পর্যন্ত করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৩৮টি দল তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ ১৩টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব প্রস্তুত করতে না পারায় সময় বৃদ্ধির আবেদন করেছে।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনতার দলসহ আটটি রাজনৈতিক দল কোনো হিসাব জমা দেয়নি বলে জানান ইসির সিনিয়র সচিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন