মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে মন্ত্রণালয়: প্রবাসী কল্যাণ সচিব

মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে মন্ত্রণালয়: প্রবাসী কল্যাণ সচিব

মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে দালাল ও প্রতারক চক্রের হাত থেকে সাধারণ কর্মীদের রক্ষা করতে মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ।

তিনি বলেন, ইতোমধ্যে এ রকম অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ত্রিপল এ ওভারসিজ’-এর অফিস সিলগালা করা হয়েছে, জরিমানা আরোপ করা হয়েছে এবং তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সচিবের কাছে অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সদস্যরা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ইস্যুতে তাদের দাবির পক্ষে স্মারকলিপি দেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ সচিব বলেন, বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এ ছাড়া বাজারটি স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার। তবে এই সুযোগে কোনো মধ্যস্বত্বভোগী যেন ফায়দা লুটতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ঠিক কোন সুনির্দিষ্ট প্রক্রিয়ায় মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণ শুরু হবে, তার প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে নিশ্চিত ও সঠিক তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে, স্মারকলিপি দেওয়ার সময় বায়রার সাবেক প্রতিনিধিরা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে তাদের সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়া; সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য নিরসন; অভিবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস করা; নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতকরণ; সব যোগ্য মেডিকেল সেন্টারকে উন্মুক্তকরণ; এবং বোয়েসেলের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালুকরণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন