সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলার মধ্যেই ঝুঁকি নিয়ে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। বৃহস্পতিবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি। এই ফ্লাইটে যাত্রীসংখ্যা ছিল ৩৭৯ জন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মুখপাত্র শাহনূর আহমেদ ‘আমার দেশ’-কে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্বঘোষণা অনুযায়ী ফ্লাইটটি সকাল ৮টায় দাম্মামের উদ্দেশে রওনা হয়েছে।
উল্লেখ, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
১৩৫টি ফ্লাইট বাতিল: আটকে পড়া যাত্রী ২০ হাজার ৬৭২ জন
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীসংখ্যা ছিল ২০ হাজার ৬৭২ জন।
বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৬২টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৩টি রয়েছে।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ২৮টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


