সৌদি আরবে কাজ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার দুই বাংলাদেশি নারী দেশে ফিরেছেন। একজন দীর্ঘদিন নিখোঁজ থাকার পর মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফেরেন, আরেকজন অভিযোগ করেছেন—তাকে চারবার বিক্রি করা হয়েছে এবং শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহায়তায় দুই নারীই এখন নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ঘটনাগুলো নতুন করে প্রশ্ন তুলেছে প্রবাসী নারী কর্মীদের সুরক্ষা ও জবাবদিহি নিয়ে।
আঙুলের ছাপে মিলল পরিচয়
গত ১২ ফেব্রুয়ারি সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রিজিয়া বেগম (৪০)। বিমানবন্দরে নামার সময় তার শারীরিক ও মানসিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক। তিনি নিজের নাম-ঠিকানাও বলতে পারছিলেন না। কোনো পাসপোর্ট বা পরিচয়পত্রও ছিল না তার কাছে।
বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইবগেষ্টিগেশন(পিবিআই) তার আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করে। এতে জানা যায়, তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা এবং তিন সন্তানের মা। গত মঙ্গলবার উত্তরার আশকোনায় ব্র্যাক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন পর ফিরে এলেও রিজিয়ার শারীরিক অবস্থা এতটাই ভেঙে পড়েছে যে তাকে চিনতেই কষ্ট হচ্ছে।
২০১৯ সালে গিয়েছিলেন সৌদি আরব
রিজিয়ার মেয়ে লিজা আক্তার জানান, ২০১৯ সালে এটিবি ওভারসিজ লিমিটেড নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গৃহকর্মীর কাজে সৌদি আরবে যান তার মা। শুরু থেকেই নিয়োগকর্তার বাড়িতে নির্যাতনের শিকার হন তিনি। ২০২১ সালের পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবার ২০২৩ সালে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে লিখিত অভিযোগ করলেও কার্যকর কোনো সুরাহা পায়নি বলে দাবি তাদের। লিজা বলেন, “মা এখন কোনো কথাই বলছেন না। কী হয়েছে, কোথায় ছিলেন—কিছুই বলতে পারছেন না।”
চারবার বিক্রি, অন্তঃসত্ত্বা অবস্থায় ফেরত
একই অনুষ্ঠানে ছদ্মনাম রিমা আক্তার (পরিচয় গোপন রাখা হলো) নামে সৌদি ফেরত আরেক নারী তার অভিজ্ঞতার কথা জানান। দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ২০২৪ সালের জুলাইয়ে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর তাকে এক নিয়োগকর্তা থেকে আরেকজনের কাছে বিক্রি করা হয়—এভাবে চারবার হাতবদল হয় বলে অভিযোগ তার। রিমার দাবি, প্রতিটি জায়গায় তাকে শারীরিক নির্যাতন ও যৌন সহিংসতার মুখে পড়তে হয়েছে। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে চলতি মাসের ৯ ফেব্রুয়ারি তাকে দেশে ফেরত পাঠানো হয়। বিমানবন্দরে অবতরণের পর এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাকে ব্র্যাকের জিম্মায় দেয়।
পিবিআইয়ের অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েত হোসেন মান্নান জানান, সাধারণত অপরাধী শনাক্তে কাজ করলেও এবার প্রথমবারের মতো বিদেশফেরত এক ভুক্তভোগী নারী কর্মীর পরিচয় শনাক্তে তারা সরাসরি কাজ করেছেন। প্রবাসে এমন পরিস্থিতির পেছনে দায়ী পাচারকারী বা রিক্রুটিং চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
রাজধানীর আশকোনায় আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে বিমানবন্দর এপিবিএন, ব্র্যাক মাইগ্রেশন সেন্টার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এবং সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভুক্তভোগীদের পরিবারের দাবি, শুধু উদ্ধার নয়, যারা তাদের এই অবস্থার জন্য দায়ী, সেই অসাধু এজেন্সি ও পাচারকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

