গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬’।
শুক্রবার বাংলাদেশ বেসবল ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
“বেসবলের শক্তি, তারুণ্যের অঙ্গীকার; ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মোট ১৪টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ বেসবল ফেডারেশনের নিজস্ব মাঠ না থাকায় প্রতিযোগিতাটি বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দেশের যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বেসবলের মতো আধুনিক ও সম্ভাবনাময় খেলার আয়োজন সময়োপযোগী উদ্যোগ। তিনি বলেন, ক্রীড়াচর্চা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও দলগত চেতনা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত বাংলাদেশ আনসার ও ভিডিপির সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে বেসবল খেলার প্রসার ঘটানো সম্ভব হবে। এর ফলে যুবসমাজ মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।
মহাপরিচালক বলেন, জাতীয় পর্যায়ের এ টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির সম্পৃক্ততা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং দেশের ক্রীড়া উন্নয়নে আন্তরিক অঙ্গীকারেরই প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্বব্যাপী জনপ্রিয় বেসবল খেলাটি বর্তমানে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে থাকলেও সম্মিলিত উদ্যোগ ও ধারাবাহিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে ভবিষ্যতে এটি দেশের অন্যতম জনপ্রিয় খেলায় পরিণত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ এবং বাংলাদেশ বেসবল ফেডারেশনের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড় ও প্রশিক্ষকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বেসবল খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বেসবলের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

