নির্বাচনের আগের দিন বুধবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। একই রাতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া সারা দেশে টাকাসহ বিভিন্ন দলের বেশ কয়েকজন আটক হয়েছেন।
এরই মধ্যে একটি গণমাধ্যমে ইসি সচিব আখতার আহমেদকে উদ্ধৃত করে বলা হয়, বৈধ উৎস দেখাতে পারলে ভোটের সময় টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই। টাকার উৎস ও ব্যবহারের বৈধতা প্রমাণ করা গেলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই।
তবে বুধবার সন্ধ্যায় ইসি সচিব নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে বলেন, ‘আমাকে কোট করে ফাইন্যান্সিয়াল একটা ইস্যুতে বলা হয়েছে। কোট করা হয়েছে, আমি নাকি বলেছি, পাঁচ কোটি টাকা নিয়ে যাওয়া গেলেও কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার, অধিকার ও ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি।’
এমন পরিস্থিতিতে নির্বাচনে কত টাকা বহন করা যাবে, তা নিয়ে মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। আগ্রহীদের সেই কৌতুহল মিটিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেছেন, স্বাভাবিক সময়ে নগদ অর্থ বহনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো সীমারেখা নেই। তবে নির্বাচনকালে এই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা থাকলে তা প্রযোজ্য হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

