অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

রাজধানীর ঢাকা-৬ আসনকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মাদক কারবারিরা যে দলেরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না; এমনকি নিজের দলের কেউ জড়িত থাকলেও শাস্তি আরও কঠোর হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন-সংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় অস্ত্র হাতে আকস্মিক অভিযান চালান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

Ishraq2

অভিযানকালে স্থানীয় এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ‘এলাকায় যারা মাদক বিক্রি করে, তাদের স্থান আমার এই ঢাকা-৬ আসনে নাই। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করেছি, আর এই মাদক কারবারিদের কোনো বিষয় আছে? এই এলাকায় যত বড় মাদক কারবারিই হোক না কেন, তারা যে দলেরই হোক, যদি আমার দলের হয় তাহলে তাদের শাস্তি আরও বড় হবে।’

মাদকাসক্তির ভয়াবহ পরিণাম তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এই মাদকের কারণে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। গত ছয় মাস ধরে গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য সংগ্রহ করছি। যারা বাইরে থেকে এসে মাদক দিয়ে যায়, তাদের যারা আটক করতে পারবে—এমন ব্যক্তিদের আমি মাথায় করে রাখব। আমার এই এলাকা থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে, পুরো বাংলাদেশেও এই অভিযান চলবে। বাংলাদেশে কোথাও মাদকের ঠাঁই হবে না।’

অভিযানের সময় আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার জন্য হাতজোড় করলে তাদের আশ্বস্ত করে ইশরাক হোসেন বলেন, ‘তোমাদের গায়ে কেউ হাত দেবে না, তোমাদের কেউ কিছু করবে না। তোমরা থানায় যাবা, পুলিশ তোমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তোমাদের মারার জন্য আমরা আসি নাই। এই দেশ আইনের মাধ্যমে চলবে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাজা হবে।’

এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় একাধিকবার মাদকবিরোধী অভিযান চালিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজ আসনকে পুরোপুরি মাদকমুক্ত করতে এই তৎপরতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি এতে সাধারণ এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় উপাদান উদ্ধার করা হয়েছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন