তাপমাত্রার পারদ সারাদেশে কমলেও রাজধানীতে বেড়েছে

স্টাফ রিপোর্টার

তাপমাত্রার পারদ সারাদেশে কমলেও রাজধানীতে বেড়েছে

আগের দিনের তুলনায় সারাদেশে তাপপ্রবাহের তীব্রতা ও পরিধি কমলেও রাজধানী ঢাকায় বেড়েছে। গত বুধবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস; আর আজ যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অর্থাৎ আগের দিনের চেয়ে দুই ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কমে এসেছে।

তাপমাত্রার পাশাপাশি তাপপ্রবাহের পরিধিও কমে এসেছে। আগের দিন ২৭ জেলায় বয়ে গেলেও আজ বৃহস্পতিবার ২০ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এ দিন খুলনা বিভাগের সব ক’টি জেলা ছাড়াও ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়।

বিজ্ঞাপন

এদিকে সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও রাজধানী ঢাকায় আগের দিনের তুলনায় বেড়েছে; আজ রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করো হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস; যা আগেরদিন ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি। আর এটাই চলতি মৌসুমে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা।

আজ বিকালে আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে বলেন, শুক্রবার পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তবে আগামী শনিবার থেকে ধীরে ধীরে কমতে পারে। আর আগামী রোববার বৃষ্টির প্রবণতা বেড়ে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত সোমবার ৯ জেলায়, মঙ্গলবার ১৪ জেলায়, বুধবার ২৭ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও আজ তা ২০ জেলার ওপর দিয়ে বয়ে গেছে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, বৃষ্টি না থাকায় টানা চারদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাওয়ায় বাতাসে আর্দ্রতা বেড়ে গরম বেড়েছে।

সারা দেশে বাতাসে আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় এর প্রভাবে প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আজ রাজধানীর তাপমাত্রা এতই অসহনীয় ছিল যে, ঘরের বাইরের বাতাস আগুনের মতো অনুভূত হচ্ছে। তাপপ্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের লোডশেডিং জনগণের স্বাভাবিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি এবং তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন