২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৩৬ জুলাইয়ে তরুণরা আন্দোলনে শক্তি ও সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে আমরা যে সাহস দেখাতে পারিনি, ৩৬ জুলাইয়ে সেই সাহস দেখিয়েছে তরুণরা। স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি। বাংলাদেশের আন্দোলন সংগ্রামে তরুণদের বিরাট ত্যাগ রয়েছে। তাদের অবদানে এই দেশ এগিয়ে যাবে।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম রাজ্জাকের পুত্র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শহীদ নাসিব হাসানের অবদানের কথা স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছেলেটির এই অকাল শাহাদাত কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তার পিতা-মাতা তাদের সন্তানকে হারিয়েছেন। এই শোক প্রকাশের কোনো ভাষা আমার জানা নেই। আমরা তাদের পাশে থেকে সমবেদনা জানাতে পারি। এই গভীর কষ্ট ও বেদনা কেবল ভুক্তভোগী পরিবারই উপলব্ধি করতে পারছে, অন্য কেউ তা পুরোপুরি অনুভব করতে পারবে না।
বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


