রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ (১ম সংশোধন) প্রকল্পের আওতায় বুয়েট ক্যাম্পাসে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (IFT) প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বুয়েটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বুধবার বুয়েটের উপাচার্য এবং হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক সাক্ষর করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমাদের যে সম্মিলিত অভিজ্ঞতা তার সামারি হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমির মধ্যে ব্যাপক দূরত্ব রয়েছে এবং এই দুইয়ের উভয়েরই রয়েছে রিসার্চ গ্যাপ যা আন্তর্জাতিক মানের চেয়ে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে। এ সমস্যার সমাধানের উপায় হচ্ছে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি।
তিনি আরও বলেন, বুয়েটের আটটি ইনস্টিটিউটশন আছে, তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ওয়াটার ম্যানেজমেন্টে বেশ কিছু সফলতা রয়েছে। দেশব্যাপী বুয়েট সফলতার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছে। সেই অভিজ্ঞতা থেকে আমাদের মনে হয়েছে এটা যদি বুয়েটের তত্ত্বাবধানে দেয়া যায় তাহলে রিসোর্স মবিলাইজেশন এবং স্কিল গ্যাপ পূরণের দিক থেকে আইএফটি সফল হবে।
বুয়েটের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান আইসিটির সঙ্গে যৌথভাবে বুয়েটকে কাজ করার সুযোগ করে দেয়ায় বিশেষ সহকারীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এই ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে মেশিন লার্নিং, এআই, ইন্টারনেট অফ রোবোটিক্স থিংস, মাইক্রো- ফেব্রিকেশন, ব্লকচেইন, প্রযুক্তিগত ইথিক্স, জৈব প্রযুক্তি, ন্যানোপ্রযুক্তি, নিউরো টেকনোলজি, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, হাইপার-অটোমেশন, বিহেভিয়ার, ইন্টেলিজেন্স ও এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ারিং, অন্টারপ্রেনিউরশিপ, ইনোভেশন স্টার্ট-আপ ইকোসিস্টেম সাস্টেইনেবিলিটি ইত্যাদি পাঠদান করা হবে।
সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বুয়েট এর উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম ও প্রকল্প পরিচালক ড. মো. মনসুর আলমসহ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বুয়েটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

