জানালেন স্বাস্থ্যের মহাপরিচালক

জটিল-উপসর্গের রোগীদের করা হবে করোনা পরীক্ষা

জটিল-উপসর্গের রোগীদের করা হবে করোনা পরীক্ষা

প্রায় দুই বছর পর আবারও ঊর্ধ্বমুখী রূপ নিয়েছে দেশের করোনা পরিস্থিতি। এমতাবস্থায় দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা সব রোগী নয়, কেবলমাত্র জটিল ও উপসর্গ রয়েছে এমন রোগীদের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাসপাতালে আসা সব রোগীদের পরীক্ষা এই মুহূর্তে দরকার নেই। কেবলমাত্র যাদের অবস্থা জটিল ও উপসর্গ রয়েছে তারাই পরীক্ষা করতে পারবেন। চিকিৎসকরাও সেভাবে পরামর্শ দেবেন।

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে করোনা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, হাসপাতালে পরীক্ষা করতে ইতোমধ্যে আরটি পিসিআর কিটের চাহিদা চাওয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই বিতরণ করা হবে। পরীক্ষার পাশাপাশি হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। কয়েকটি হাসপাতালে নতুন করে কোভিড ইউনিট করা হচ্ছে।

আবু জাফর বলেন, নতুন করে যারা ঝুঁকিপূর্ণ, গর্ভবতী ও যাদের বয়স ষাটোর্ধ্ব এবং জটিল রোগে ভুগছেন, তাদের আরেকটি ডোজ নিতে হবে। সেই পরিমাণ টিকাও আমাদের মজুত আছে। তবে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এজন্য গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণ থেকে বাঁচতে ৭টি নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাগুলো হলো—

১. জনসমাগম এড়িয়ে চলুন। একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরুন। ২. শ্বাসতন্ত্রের রোগ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার করুন। ৩. হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখুন (কনুই বা টিস্যু ব্যবহার করে)।

৪. ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন। ৫. সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলুন। ৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না।

৭. আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন