পররাষ্ট্র বাজেট কাটলে দূতাবাস বন্ধ, পতাকা নামাতে হবে: খলিলুর

সংসদ রিপোর্টার

পররাষ্ট্র বাজেট কাটলে দূতাবাস বন্ধ, পতাকা নামাতে হবে: খলিলুর
ছবি: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামিয়ে আনা হলে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো বন্ধ করে দিতে হবে এবং লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের জবাবে তিনি এ কথা বলেন। যদিও রীতি অনুযায়ী জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যরা বাজেটের ছাঁটাই প্রস্তাবে মন্ত্রণালয়ের বরাদ্দ কমানোর প্রস্তাব করেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত দাবি কমিয়ে করে এক টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলো বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। এতে প্রবাসীদের সেবা বন্ধ হয়ে যাবে এবং জাতিসংঘে চাঁদা দেওয়া সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

খলিলুর বলেন, চাঁদা দিতে না পারলে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ স্থগিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৪৪ কোটি ৪৩ লাখ টাকা মঞ্জরির প্রস্তাব করেন পররাষ্ট্রমন্ত্রী।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে চলা বৈঠকে জানানো হয়, এই দাবির ওপর ২৬ জন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। তাদের মধ্যে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম, রংপুর-১ আসনের মো. রায়হান সিরাজী, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং চুয়াডাঙ্গা-১ আসনের মো. মাসুদ পারভেজ বক্তব্য দেন।

জি এম নজরুল ইসলাম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। দেশের ভাবমূর্তি রক্ষা এবং বিদেশে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে এ মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা থাকা দরকার। এসময় তিনি বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মন্তব্য নিয়ে কথা বলেন। যদিও তার জন্য বরাদ্দকৃত সময় শেষ হওয়ায় বক্তব্য শেষ করতে পারেনি। মো. রায়হান সিরাজী ছাঁটাই প্রস্তাবের জায়গা থেকে বেরিয়ে এসে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছেন। আগামী একনেক বৈঠকে এ প্রকল্প তুলে ধরে বরাদ্দ অনুমোদন করা হলে উত্তরাঞ্চলের মানুষ খুশি হবে।

জহিরুল ইসলাম মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধা মধ্যপ্রাচ্যে। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে তারা নানা সমস্যার মুখে পড়ছেন। আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মী পরিবর্তন, কফিল পরিবর্তন, ভিসা ও জরিমানার সমস্যার কথা তুলে ধরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এসব বিষয়ে আরও নজর দেওয়ার আহ্বান জানান।

মাসুদ পারভেজ বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর অগ্রগতি না হওয়া, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ অনুপ্রবেশ, বিদেশে শ্রমিকদের বিপদ এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে পররাষ্ট্রনীতির দুর্বলতা দেখা যাচ্ছে।

ছাঁটাই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল ও জটিল বিশ্ব ব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশে দূরদর্শী ও সক্রিয় কূটনীতির ওপর নির্ভর করে। তিনি বলেন, “আমাদের কূটনীতির মূল লক্ষ্য হচ্ছে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট।” প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে এই নীতির উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।

খলিলুর বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত ১ হাজার ৮৪৪ কোটি ৪৩ লাখ টাকা কোনো সাধারণ ব্যয় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্ত করার কৌশলগত বিনিয়োগ বলে মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটের বড় অংশ বিদেশে বাংলাদেশের মিশনগুলোর কার্যক্রম চালাতে ব্যয় হয়। টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার কারণে প্রকৃত ব্যয় বৃদ্ধির হার আরও কম হতে পারে।

তিনি জানান, মালয়েশিয়ার জোহর বাহরু, যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট, আর্জেন্টিনার বুয়েনস আইরেস এবং আয়ারল্যান্ডের ডাবলিনে নতুন মিশন খোলা হয়েছে। আগামী অর্থবছরে এই চারটি মিশনের কার্যক্রম শুরু করতে ৩০ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মিয়ানমারের বিরুদ্ধে ইসলামিক সম্মেলন সংস্থার পক্ষে গাম্বিয়ার করা মামলা পরিচালনার জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, মন্ত্রণালয়ের চারটি ইউনিট ও বিদ্যমান ৮৩টি মিশনের পরিচালন ব্যয় মেটাতে ২১ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...