চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক প্রদর্শনী ‘দ্য ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপো অ্যান্ড দ্য ৩০তম চায়না কুনমিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার-২০২৬’ আগামীকাল চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে শুরু হচ্ছে। ১৬ জুন পর্যন্ত চলবে ছয় দিনব্যাপী এ আয়োজন।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং কনস্যুলেট জেনারেল, কুনমিংয়ের সহযোগিতায় এবারের মেলায় বাংলাদেশের রেকর্ডসংখ্যক ১০১টি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

বিজ্ঞাপন

কুনমিংয়ের ডিয়ানচি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিতব্য এ মেলায় বিশ্বের ৬৮টি দেশের ২ হাজার ৩০০ প্রদর্শক অংশ নিচ্ছেন।

এ বছর মেলায় বাংলাদেশ থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি মূল মেলারও উদ্বোধন করা হবে। মেলার দ্বিতীয় দিন পালিত হবে ‘বাংলাদেশ ডে’।

অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এছাড়া ইউনান প্রদেশের গভর্নর এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেবেন।

‘বাংলাদেশ ডে’ উপলক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে টেক্সটাইল, তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, সিরামিকস, হস্তশিল্প, পাটজাত পণ্য এবং লেদার গুডস খাতের বিভিন্ন পণ্য প্রদর্শিত হবে।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত আগ্রহী দর্শনার্থী, ক্রেতা, বিপণনকারী এবং পাইকারি-খুচরা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে। পাশাপাশি বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, ছয় দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ এবং বি-টু-বি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে চীনের বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হবে। একই সঙ্গে দেশের পণ্য রপ্তানির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন