জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে দাবিতে বিক্ষোভ

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে দাবিতে বিক্ষোভ

জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার এবং গণশুনানির মাধ্যমে মূল্য নির্ধারণের দাবিতে যুব বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব ফেডারেশন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভে সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, এক লাফে ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে দেশীয় উৎপাদন ব্যাহত হবে, বেকারত্ব বাড়বে ও দেশজুড়ে জনঅসন্তোষ তৈরি হবে। এ সংকটের দায় সরকারকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, কেবল বিরোধিতার রাজনীতি নয়, দেশের জন্য এখন পুনর্গঠনের ও ঐকমত্যের রাজনীতি প্রয়োজন।

জুলহাসনাইন বাবু বলেন, গণশুনানি ছিল জবাবদিহির গুরুত্বপূর্ণ মাধ্যম, যা ২০২২ সালে তৎকালীন সরকার বাতিল করে দেয়। বর্তমান সরকারের উচিত পতিত আওয়ামী লীগের পথ পরিহার করা।

জাহিদ সুজন বলেন, জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের মূল্য ও গাড়িভাড়া বেড়েছে। প্রয়োজনে সংকটকালে পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করারও দাবি জানান তিনি।

বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুঁইয়া বলেন, দাম বাড়লে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন শ্রমজীবী মানুষ, কৃষক ও খেটে খাওয়া জনগণ।

সংগঠনের সদস্যসচিব জাহিদ সুজনের সঞ্চালনায় বিক্ষোভে আরও বক্তব্য দেন যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মুছা কলিমুল্লাহ, রাজা আহম্মেদ জুম্মন ও আইরিন আক্তার, সদস্য রুবেল মিয়া হিমু ও জাসেম আলম, কবি রাসেল এবং গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন