স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিট দাবি ঘিরে নানা প্রশ্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিট দাবি ঘিরে নানা প্রশ্ন
আমার দেশ গ্রাফিক্স

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদে সংরক্ষিত নারী আসনের

সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিজিবির প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে ঘটনাটিকে শর্টসার্কিটজনিত দুর্ঘটনা বলে ধারণা দিলেও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পর্যবেক্ষণ ভিন্ন।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থল থেকে প্রাপ্ত একটা ছবিতে দেখা যাচ্ছে, এটা শর্টসার্কিটের মতো হতেও পারে। তিনি আরো বলেন, বাড়িটি অনেকটা পরিত্যক্ত এবং বৈদ্যুতিক তারের সংযোগ পুরোনো হওয়ায় শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে।

তবে মন্ত্রীর এ বক্তব্য ঘিরে কয়েকটি প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, একজন দায়িত্বশীল মন্ত্রী তার অধীনস্থ সংস্থা বিজিবির একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন সংসদে উদ্ধৃত করেছেন। অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ অনুসন্ধান বিজিবির কাজের পরিধির মধ্যে পড়ে না। এটা তাদের রুলস অব বিজনেসের পরিপন্থি কাজ। এটি বিজিবির মতো সংস্থার পেশাদারিত্বের মধ্যেও পড়ে না। আগুন লাগার কারণ নির্ধারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিশেষজ্ঞ জনবল ও কারিগরি সক্ষমতা রয়েছে। ফলে তাদের প্রতিবেদন বা বিশেষজ্ঞ মতামতের আগেই অন্য একটি সংস্থার প্রাথমিক পর্যবেক্ষণ সংসদে তুলে ধরা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

অপরাধ বিশ্লেষকরা বলেছেন, মন্ত্রীর বক্তব্য সঠিক ধরে নিলে এটা একটা দুর্ঘটনা। এখানে এজাহারনামীয় আসামিসহ মামলা হয় কীভাবে? মামলায় বিস্ফোরক পদার্থ ব্যবহার করে জেনেশুনে ক্ষতিসাধন ও হত্যাচেষ্টার ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন যুক্ত করা হয়েছে। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কারণে মামলার ভবিষ্যৎ তদন্তও প্রভাবিত হবে বলে আশঙ্কা থেকে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান আমার দেশকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষিত জনবল রয়েছে। এ ধরনের ঘটনায় তাদের দিয়েই কারণ অনুসন্ধান করা উচিত। অন্য কোনো সংস্থার নিজস্ব এখতিয়ারের বাইরে গিয়ে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ বা প্রতিবেদন দেওয়া যুক্তিযুক্ত নয়। এটি সংশ্লিষ্ট সংস্থাগুলোর পেশাদারিত্বের সঙ্গেও সংগতিপূর্ণ নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের একজন পরিচালক বলেন, অনেক সময় কোনো কোনো সংস্থার সদস্যরা অতি উৎসাহী হয়ে বাহবা পাওয়ার আশায় আগাম বক্তব্য দেন, যা কাম্য নয়। পুলিশ বা অন্য কোনো সংস্থা অগ্নিকাণ্ডের বিষয়ে প্রতিবেদন তৈরি করলেও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ মতামত নেওয়া হয়। কুষ্টিয়ার একজন নারী সংসদ সদস্যের বাড়িতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস সবার আগেই পৌঁছায়। প্রতিষ্ঠানটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হওয়ায় মন্ত্রীর নির্দেশে চাইলে দ্রুতই প্রাথমিক প্রতিবেদন দেওয়া সম্ভব ছিল।

বিদ্যুৎ বিভাগের ভিন্ন পর্যবেক্ষণ

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগেরও কারিগরি সক্ষমতা রয়েছে। গতকাল শুক্রবার কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, তাদের পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। আগুন লাগার অন্য কোনো কারণ থাকতে পারে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর জোনাল অফিসের এজিএম তোজাম্মেল হক গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কাছে তার মতামত তুলে ধরেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ঘটনার রাতেই তারা বাড়িটি পরিদর্শন করেন। সেখানে বৈদ্যুতিক মিটার অক্ষত পাওয়া যায়। বাড়িতে বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজও অক্ষত ছিল।

তিনি আরো বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মিটার বা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু সেগুলোর কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। তাই তাদের পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

মামলায় বিস্ফোরক আইনের ধারা

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শর্টসার্কিটের সম্ভাবনার কথা বললেও এ ঘটনায় নুসরাতের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ধারা যুক্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় রেকর্ড হওয়া মামলাটিতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের জেলা সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, যুবলীগের জেলা সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং স্বেচ্ছাসেবক লীগের দৌলতপুর উপজেলা সভাপতি মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এজাহারে নুসরাত উল্লেখ করেন, বুধবার রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তারা বসতঘর, উঠান ও আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভেড়ামারা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এজাহারে আরো অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নুসরাত ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন। ফেসবুকেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩০৭, ৪৩৬, ৪২৭, ৪২৯ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ধারাও যুক্ত করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ৪৩৬ ধারায় আগুন দিয়ে অথবা কোনো বিস্ফোরক পদার্থ ব্যবহার করে জেনেশুনে ক্ষতিসাধন এবং ৩৪ ধারায় সংঘবদ্ধ চক্র ও বিস্ফোরক দ্রব্য আইন যুক্ত করা হয়েছে। মামলার এই ধারাগুলো যুক্ত হওয়া মানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে বৈপরিত্য তৈরি হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীনাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন ডিআইজি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনার একটি ধারণা তৈরি হয়েছে। অথচ একই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এতে তদন্তের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাছাড়া এই মামলার চার্জশিট হলে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কারণে আসামিদের আদালতে বিশেষ সুবিধা পাওয়ার আশঙ্কা রয়েছে।

পুলিশের সাবেক একজন অতিরিক্ত আইজিপিও নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে আগুন লাগানো হয়েছে, নাকি দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তাধীন বলে উল্লেখ করেছেন; অন্যদিকে একই বক্তব্যে দুইবার শর্টসার্কিটের সম্ভাবনাকে গুরুত্ব দিয়েছেন। এতে তদন্ত সংস্থার ওপর নির্দিষ্ট একটি সিদ্ধান্তে পৌঁছানোর প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফরেনসিক পরীক্ষার ওপর গুরুত্ব

অপরাধ বিশ্লেষকদের মতে, ঘটনাস্থলে পেট্রোলবোমার আলামত না পাওয়া গেলেই পরিকল্পিত অগ্নিসংযোগের সম্ভাবনা নাকচ করা যায় না। পেট্রোলবোমা ছাড়াও অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল কি না, বাইরে থেকে নিক্ষিপ্ত কোনো বস্তুর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা পরীক্ষা করা জরুরি। এজন্য ঘটনাস্থল থেকে রাসায়নিক নমুনা সংগ্রহ ও ফরেনসিক পরীক্ষা প্রয়োজন।

নুসরাত গতকাল অভিযোগ করেছেন, ফায়ার সার্ভিসের পানি ব্যবহারের কারণে ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়েছে। এ ছাড়া ফরেনসিক বিশেষজ্ঞরা প্রায় ১৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছেছেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাইরে থেকে কোনো বস্তু নিক্ষেপের পরপরই বাড়িতে আগুন জ্বলে উঠতে দেখা যায়। ভিডিওর দৃশ্য সত্য হলে শর্টসার্কিটের সম্ভাবনার পাশাপাশি বাইরে থেকে দাহ্য পদার্থ নিক্ষেপের বিষয়টিও গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন। তিনি আরো বলেন, ঘটনার আগে নুসরাতকে ফোনে হামলার হুমকি দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম আমার দেশকে বলেন, এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে, তারা বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি তার করা মামলাটিও পুলিশ তদন্ত করছে। কারও দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কাজ চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...