হত্যাচেষ্টার মামলায় অব্যাহতি পেলেন খালেদাসহ ২৬ জন

চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, “বাদী যে তথ্যের ভিত্তিতে এজাহারে নাম উল্লেখ করেন, তা ভুল।”

স্পোর্টস রিপোর্টার

হত্যাচেষ্টার মামলায় অব্যাহতি পেলেন খালেদাসহ ২৬ জন

আওয়ামী লীগ নেতা শাজাহান খানের মিছিলে বোমা হামলার অভিযোগে করা হত্যাচেষ্টার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মহানগর হাকিম শরীফুর রহমান পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলা থেকে অব্যাহতি দেন।

আদেশে আদালত বলে, “চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, উল্লেখিত ব্যক্তিগণের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সাক্ষী-প্রমাণ পাওয়া যায়নি।

“চূড়ন্ত রিপোর্ট সার্বিক পর্যালোচনায় গৃহীত হল। তদন্তে অব্যহতিপ্রাপ্ত আসামিদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হল। এ মামলায় জব্দ করা আলামত থাকলে তা বিধি মোতাবেক নিষ্পত্তি করা হোক।”

খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগের হয়রানিমূলক মামলা থেকে আজ খালেদা জিয়াসহ ২৬ জন অব্যাহতি পেয়েছেন। আদালতের কাছ থেকে ন্যায়বিচার পেয়েছেন তারা।”

গত ১৩ নভেম্বর ২৬ জনের অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুস সোবহান।

মামলার চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, “ঘটনাস্থলের আশপাশের কোনো প্রত্যক্ষ সাক্ষী পাওয়া যায়নি। আর কে বা কারা বোমা নিক্ষেপ করেছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি। বাদী যে তথ্যের ভিত্তিতে এজাহারে নাম উল্লেখ করেন, তা ভুল।”

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি তৎকালীন নৌমন্ত্রী শাজাহান খান নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের বাড়ি ঘেরাও করতে গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে মিছিল শুরুর পর বোমা হামলা হয়।

ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু ওই ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনকে ওই মামলায় আসামি করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন