বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
রোববার সকালে ঘণ্টাখানেক সারাদেশের বিভিন্ন দপ্তরে কর্মবিরতি পালন করে বিসিএসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের এ সংগঠন। এ সময় তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান করেন।
তবে হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা প্রদান কার্যক্রম এ কর্মবিরতির আওতার বাহিরে ছিল।
কর্মবিরতি শেষে ২৫ ক্যাডার কর্মকর্তারা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে পক্ষপাতদুষ্ট এ আদেশ প্রত্যাহার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের ন্যায্য দাবি আদায় ও জনপ্রশাসন সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

