ঘাতকের বুলেট যখন শরীফ ওসমান হাদির মাথা বিদ্ধ করে, তখন ছেলে ফিরনাসের বয়স মাত্র আট মাস। মৃত্যুর আগে ‘আব্বা’ শব্দটি শোনা হয়নি বিপ্লবের এই রাজপুত্রের।
‘ফিরনাস’—মানে বলিষ্ঠ, সাহসী, শক্তিশালী। নিজের বুকে ধারণ করা সার্বভৌমত্বের পতাকা ছেলের বুকেও পতপত করে উড়তে থাকুক, সম্ভবত এ আকাঙ্ক্ষা থেকেই নাম রাখা হয়েছিল ঐতিহাসিক চরিত্র ইবনে ফিরনাসের নামে।
‘ফিরনাস’ নামটির ঐতিহাসিক সংযোগ মূলত ইসলামী স্বর্ণযুগের এক প্রবাদপ্রতিম মনীষীর সঙ্গে জড়িত। ইতিহাসে নামটি অমর হয়ে আছে ইবনে ফিরনাস-এর সুবাদে। তিনি ছিলেন আন্দালুসিয়ার (বর্তমান স্পেন) প্রখ্যাত মুসলিম বহুশাস্ত্রবিদ, উদ্ভাবক, প্রকৌশলী, চিকিৎসক, কবি ও জ্যোতির্বিজ্ঞানী।
ইবনে ফিরনাসের আট মাস বয়সী উত্তরসুরীকে রেখে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ‘আব্বা’ শব্দ শোনার আগেই।
এখন সেই ফিরনাস ‘আব্বা’ ডাকতে পারে। বাবার ছবিতে চুমুও খায়।
এ তথ্য জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
এক পডকাস্টে তিনি বলেন, ‘হাদির ছেলে আজ টুকটাক কথা বলে। আব্বা বলে ডাকে।’
আব্দুল্লাহ আল জাবের আরো বলেন, ‘ফিরনাস বড় হয়েছে। বাইরে ঘুরতে ভীষণ পছন্দ করে। আমরা দেখা করতে গেলে আমাদের সাথে বাইরে যেতে চায়। ফিরনাস তার বাবার ছবিতে ভীষণ চুমু খায়। সে মূলত বাবা ডাকে না। আব্বা বলে ডাকে। আব্বা ডাকের সাথেই অভ্যস্ত ফিরনাস।’
তিনি আরো বলেন, ‘ফিরনাসের জন্মের পর মাঝে মাঝে আমরা শহীদ হাদির সঙ্গে বাসায় যেতাম। ফিরনাসের সাথে খুনসুটি করতাম। সেই স্মৃতিগুলো মনে পড়ে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


