জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত একাধিক সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সাথে আবারও সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কে সরকারের কাছে একাধিক সুপারিশ উপস্থাপন করবে।
শুক্রবার রাতে এক ভার্চুয়াল সভায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। শনিবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রস্তাবিত গণপরিষদ গঠন, সংবিধান আদেশ জারি, ১০৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিমকোর্টের অভিমত বা উপদেশ গ্রহণ এবং গণভোট আয়োজনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।
আলোচনায় কমিশনের পক্ষে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এতে যুক্ত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


