রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অবৈধ দখল উচ্ছেদে আগামী ১ এপ্রিল থেকে মহানগরজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে বলে সোমবার (২৩ মার্চ) সংস্থাটির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় বহু ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সীমানা অতিক্রম করে ফুটপাত ও সড়কের অংশ দখল করে ব্যবসা পরিচালনা করছে।
বিশেষ করে রেস্টুরেন্ট, মোটরগাড়ির ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানগুলোর বিরুদ্ধে এমন অভিযোগ বেশি। অনেক ক্ষেত্রে ফুটপাতে রান্নার চুলা, হাঁড়িপাতিল, পুরাতন টায়ার, ওয়েল্ডিং সরঞ্জাম ও বিভিন্ন মালামাল রেখে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে।
এতে একদিকে যেমন সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে সড়কের লেন দখল হয়ে যানজট তীব্র আকার ধারণ করছে। ডিএমপি বলছে, এসব কর্মকাণ্ড জননিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে ডিএমপি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবিলম্বে ফুটপাত ও সড়ক থেকে সব ধরনের মালামাল সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায় ১ এপ্রিল থেকে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে দোষীদের কারাদণ্ড, অর্থদণ্ড এবং অবৈধ মালামাল বাজেয়াপ্ত করা হবে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগে সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

