হঠাৎ মায়ের স্ট্রোক, কেন্দ্রে পৌঁছেও পরীক্ষা দিতে পারলেন না পরীক্ষার্থী

হঠাৎ মায়ের স্ট্রোক, কেন্দ্রে পৌঁছেও পরীক্ষা দিতে পারলেন না পরীক্ষার্থী

দেশজুড়ে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শেষ হলেও সোশ্যাল মিডিয়ায় রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক নারী শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ভিডিও ভাইরাল হয়েছে।

পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে তাকে কাঁদতে দেখা যায়। তবুও ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, এইসএসসি পরীক্ষার্থী ওই মেয়েটির বাবা বেঁচে নেই। মা আজ সকালে মেজর স্ট্রোক করে। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকেই সব সামলিয়ে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখান থেকে ছুটতে হয়েছে পরীক্ষার কেন্দ্র মিরপুর সরকারি বাঙলা কলেজে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেরি হওয়ায় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বিষয়টি নিয়ে সাংবাদিক সানাউল হক সানী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, যত নিয়ম, যত সিস্টেম সব বিপদগ্রস্ত মানুষের জন্য, সব অসহায়দের জন্য। আর চোর-বাটপার, টাকা পাচারকারী, প্রভাবশালীদের জন্য সব জায়েজ। মানবিকতার চেয়ে মহান আর কি! এই প্রত্যয়ী মেয়েটিকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিলে দেশটা কি রসাতলে যেত? আর ওর পরীক্ষা না দেওয়ায় দেশটা কি সুইডেন হয়ে গেছে?

সানাউল হক সানীর কমেন্টে বিভিন্নজন নানা রকমের মন্তব্য করেছেন।

ফারুক আলম নামের একজন লিখেছেন, মেয়েটির সঙ্গে চরম অন্যায় করা হয়েছে।

মুহসিন ব্যাপারি নামের একজন লিখেছেন, বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। মানবিকতা বলে তো কিছু আছে। মেয়েটা অসহায়, বাবা নামক বটগাছটা বেঁচে নেই। অভিভাবকহীন বাচ্চা মেয়েটার ভবিষ্যৎ চিন্তা করে হলেও পরীক্ষার সুযোগ দেওয়া হোক।

বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন