বাবা-মায়ের কবরের পাশে শায়িত অধ্যাপক আরেফিন সিদ্দিক

বাবা-মায়ের কবরের পাশে শায়িত অধ্যাপক আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে রাজধানীর গ্রীন রোডে নিজ বাসার পাশের বাইতুল আকসা মসজিদে প্রথম এবং বাদ জুম্মা ধানমন্ডির ঈদগাহ মসজিদে তার দ্বিতীয় জানাজা শেষে বিকেল সাড়ে তিনটা নাগাদ পারিবারিক সিদ্ধান্তে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাবির সাবেক এই উপাচার্যের জানাজা অনুষ্ঠিত না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বর্তমান প্রশাসনকে দায়ী করে মন্তব্য করতে দেখা গেছে বিভাগের শিক্ষার্থীসহ অনেককে।

তবে সার্বিক নিরাপত্তা ও পরিবারের অসম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয়নি বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। ধানমন্ডির গ্রীন রোডে সকাল ১১টার দিকে ঢাবির সাবেক এই উপাচার্যের প্রথম জানাজায় অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ড. নিয়াজ আহমদ খান বলেন, তার (ড. আরেফিন সিদ্দিক) দুটো জানাজার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। সে অনুযায়ী তার কবরের স্থান নিয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের সঙ্গে আলাপের মাধ্যমে। আমরা পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানাই। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে তার জন্য বিশেষ দোয়া-মোনাজাত হবে।

এদিকে সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শুক্রবার এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক দেশের সাংবাদিকতা শিক্ষা ও গবেষণার প্রসার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এসব অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণ হয়ে রাজধানীর বারডেমে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গত কয়েকদিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, গত ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, ২০০৯ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর উপাচার্যের দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগ দেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিক ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে পদাধিকারবলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এর আগে, ১৯৯১ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক, ১৯৯৪ ও ১৯৯৬ সালে সাধারণ সম্পাদক এবং ২০০৪ ও ২০০৫ সালে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন