দেশের প্রচলিত অনেক শ্রমিক সংগঠনের লক্ষ্য কেবল বিভিন্ন বাস ও টেম্পো স্ট্যান্ড দখল এবং চাঁদাবাজির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘ওর চিন্তা হলো ওই টেম্পো স্ট্যান্ড দখল করতে হবে। ওদের মাথায় সবসময় চিন্তা থাকে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে কার অধীনে কতটুকু জায়গা দখল থাকবে, নারায়ণগঞ্জের বাসস্ট্যান্ডে কে আগে যাবে—তৈমুর আগে যাবে নাকি তমুক আগে যাবে। কারণ সেখানে গেলে বেশি অংশ চাঁদা পাওয়া যাবে। ওই সমস্ত শ্রমিক সংগঠনের নেতাদের মাথায় বাসস্ট্যান্ড দখল করা ছাড়া আর কোনো চিন্তাভাবনা নেই।’
বিপরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, কুড়িগ্রামের মতো দূরদূরান্ত থেকে মেহনতি শ্রমিকের মেধাবী সন্তানদের ঢাকায় এনে প্রেস ক্লাবে সংবর্ধিত করা এবং তাদের পড়াশোনায় উৎসাহ দেওয়াটাই প্রকৃত পরিবর্তন। গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল এই ধরনের গুণগত পরিবর্তন আনা।
সংবিধান সংস্কারের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুনের কথা শুনলে বা সংস্কারের কথা উঠলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার মানসিকতার সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা এমনভাবে চেয়ার ধরে বসে থাকেন, যেন চেয়ারের সঙ্গে শরীর সুপার গ্লু দিয়ে লেগে গেছে, ছাড়তেই চান না।’ তিনি স্পষ্ট জানান, দেশের ইতিবাচক সংস্কার ও নতুন নেতৃত্বের স্বার্থে নিজের পদ বা চেয়ার ছাড়তে হলে তিনি যেকোনো সময় প্রস্তুত আছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


