রাজধানীতে অযথা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করলেই তল্লাশি: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

রাজধানীতে অযথা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করলেই তল্লাশি: ডিএমপি কমিশনার

থানা এলাকায় অযথা যে সমস্ত মাইক্রোবাস বা প্রাইভেটকার ঘোরাঘুরি করে সেগুলো তল্লাশি করতে হবে। ছিনতাই প্রতিরোধে বিশেষ করে ভোর বেলায় পুলিশি টহল আরও জোরদার করতে হবে। চাঁদাবাজ যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

সোমবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সাথে মতবিনিময়কালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ওসিদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ওসিদেরকে থানার প্রতিটি অলি গলিতে ঘুরতে হবে, মানুষের সাথে মিশতে হবে। তথ্য বেশি পেলে অপরাধ ঘটার পূর্বে ব্যবস্থা নিতে পারবেন। এছাড়া মামলাযোগ্য সকল ঘটনায় যথাসময়ে মামলা নিতে এবং জিডির বিষয়ে যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বল্পতম সময়ে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় ভাটারা থানার এএসআই মো. মেসবাহ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার। তিনি এএসআই মো. মেসবাহ উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ মোবারক হোসেন নাফিজ (২২) কে গ্রেফতার করেছিলেন এএসআই মেসবাহ। এছাড়া চলমান বিশেষ অভিযানে উত্তরা পশ্চিম থানার ওসি ও মোহাম্মদপুর থানার ওসি অধিক সংখ্যক পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করায় তাদেরকে পুরস্কৃত করা হয়।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস, এন, মোঃ নজরুল ইসলাম; যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন