পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানে সংলাপ ও সমঝোতার পথেই এগোতে চায় সরকার। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক এবং শান্তি-সম্প্রীতি বজায় রেখে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ে অত্যন্ত পজিটিভ। আমরা আলোচনার মাধ্যমে সব পক্ষকে নিয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে যথোপযুক্ত ব্যবস্থা নেব।
মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ তাদের ভোট দিতে পেরেছে। আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। পার্বত্যাঞ্চলের সার্বিক উন্নয়নে যা যা করণীয়, তা করা হবে।
দায়িত্বপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এতে আমি গর্বিত। দল ও সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। সবার সহযোগিতায় পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে চাই।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তার জন্ম ১৯৬৩ সালে রাঙামাটি পৌরসভার কলেজ গেট এলাকার মন্ত্রিপাড়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। ২০০৫ সালে যুগ্ম জেলা জজ পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে সক্রিয় হন এবং বিএনপিতে যোগ দেন। ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

