মদ্যপ সজিবের বেপরোয়া গাড়ির ধাক্কায় নিহত নিরাপত্তারক্ষী

পরিচয় মালেক উকিলের দৌহিত্র, খুনের মামলা নিতে অপেক্ষা ৫ দিন

পরিচয় মালেক উকিলের দৌহিত্র, খুনের মামলা নিতে অপেক্ষা ৫ দিন

আওয়ামী লীগ নেতা সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের দৌহিত্র মদ্যপ মেহেদী মালেক সজিবের বেপরোয়া গাড়ির ধাক্কায় দীন মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হবার ৫ দিন পর শুক্রবার বনানী থানায় মামলা হয়েছে।

পতিত শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ওই ব্যক্তির রাজনৈতিক প্রভাবে মামলা করতে দেরি হয়েছে বলে জানা গেছে। ঘটনার দিন স্ত্রী মারিয়া বিনতে মুজিবের গাড়ি চালাচ্ছিলেন ওই সজিব।

বিজ্ঞাপন

গুলশান ক্লাবে ঈদের আগের দিনগত ৩০ মার্চ রাতে (চাঁদ রাত) একটি পার্টির আয়োজন করেন ওই সজিব। ওই অনুষ্ঠানে কিছু ঝামেলা তৈরি হওয়ায় বেপরোয়া গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিনি। সজিব তখন মদ্যপ অবস্থায় ছিলেন বলেও বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত মেহেদী মালেক সজিবকে গ্রেপ্তার এবং গাড়িটিকে জব্দ করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

ডিএমপির গুলশান ডিভিশনের ডিসি তারেক মাহমুদ শনিবার আমার দেশকে জানান, ম্যাক্স সিকিউর লিমিটেডের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মেহেদী মালেক সজিবকে গ্রেপ্তার এবং গাড়ি জব্দ করতে অভিযান চলছে।

গেল ৩১ মার্চ ঈদ-উল ফিতর অনুষ্ঠিত হয়। এর আগের দিন ৩০ মার্চ দিবাগত রাতে (চাঁদ রাত) বনানীর ১২ নম্বর সড়কে মদ‍্যপ অবস্থায় গাড়ি (ঢাকা মেট্রো ঘ ১৮-৬৫৩১) চালিয়ে যাচ্ছিলেন মেহেদী মালেক সজিব। ওই সময় সেখানে দায়িত্ব পালনকারী দীন মোহাম্মদকে গাড়ি চাপা দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান মদ্যপ সজিব। নিহত ব্যক্তি ম্যাক্স সিকিউর লিমিটেড নামক প্রতিষ্ঠানের একজন নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়ান কবির নামের এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস থেকে বিষয়টি জেনে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

স্ট্যাটাসে তিনি লিখেন, ঢাকাবাসী যখন ৩০ মার্চ ২০২৫ চাঁনরাত উৎসব করছিলেন, ঠিক তখন অভিজাত এলাকা বনানীতে গাড়ি চাপায় মৃত‍্যুবরণ করেন দিন মোহাম্মদ নামের ৫০ বছর বয়স্ক একজন নিরাপত্তা কর্মী। সেদিন রাত ৮টায় দীন মোহাম্মদ তাঁর নির্ধারিত শিফটের কাজ শুরু করেন বলে নিশ্চিত করেছেন ম্যাক্স সিকিউর লিমিটেডের একজন কর্মকর্তা।

এলাকা ভিত্তিক দুর্ঘটনা বিষয়ক বিভিন্ন সোশ‍্যাল মিডিয়া গ্রুপের পোস্ট যাচাই করে জানা যায়, ৩০ মার্চ রাত ১১.৩০ মিনিটে এ ঘটনা ঘটে। গাড়ির নম্বরের সূত্র ধরে জানা গেলো, গাড়ির মালিক মারিয়া বিনতে মুজিব এবং ঘটনার দিন গাড়িটি চালাচ্ছিলেন তার স্বামী মেহেদি মালেক সজীব। যিনি সাবেক স্পিকার মালেক উকিল সাহেবের দৌহিত্র বলে বন্ধু মহলে পরিচিত। ঘটনার দিন রাতে সজীব গুলশান ক্লাবে চাঁদরাত উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন, কিন্তু কোনো কারণে ঝামেলা হওয়ায় তিনি বেশ রাগান্বিত হয়ে বের হয়ে যান এবং বাসায় যাওয়ার পথে দিন মোহাম্মদ'কে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

পরবর্তীতে পথচারীদের সহায়তায় রিকশায় করে তাকে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তার নিয়োগদাতা প্রতিষ্ঠানের উদ‍্যোগে ন‍্যশনাল ইন্সটিটিউট অফ নিওরোসায়েন্স হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

স্ট্যাটাসে তিনি আরো লেখেন, আশ্চর্যের বিষয় হলো, এই ঘটনার ২/৩ দিন পরই সজীব গুলশান ক্লাবে তার মেয়েসহ সুইমিংয়ে যান এবং সেখানে কয়েকজনের কাছে এই ঘটনার সত‍্যতা স্বীকার করেন এবং সেখানে উপস্থিত কয়েকজন আবার তাকে দুর্ঘটনায় জড়িত গাড়িটি লুকিয়ে রাখার পরামর্শ দেন এবং তাকেও বাসা থেকে কয়েকদিন বের হতে মানা করেন।

স্ট্যাটাসে আরো বলা হয়, ‘এই পোস্টটি লিখার আগে আমি মেহেদি মালেক সজিবকে সরাসরি ফোন করি এবং ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে প্রথমে সংকোচের সাথে বলেন তিনি ঠিক জানেন না। তারপর আবার বলেন একটা দুর্ঘটনা ঘটেছিলো কিন্তু তিনি নিশ্চিত নন ভিক্টিমের কি হয়েছে।

তিনি দাবি করেন দুর্ঘটনার পর তিনি গাড়ি থেকে নেমেছিলেন। আমি তাকে জানাই যে ব্যক্তিটি মারা গেছেন এবং আপনিই তাকে গাড়ি চাপা দিয়েছেন এবং সেখান থেকে সটকে পড়েছেন। পরবর্তীতে তাকে পরামর্শ দেই নিকটস্থ থানায় গিয়ে পুলিশের কাছে ঘটনাটির বিস্তারিত বর্ণনা দেয়ার জন্যে’।

সম্পূর্ণ ঘটনার সত‍্যতা স্বীকার করেছেন ম্যাক্স সিকিউর এর চেয়ারম্যান বায়েজি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন