পাঁচ কর্মকর্তার হঠাৎ বদলি

কাফনের কাপড় পরে এনবিআরে অবস্থান কর্মসূচি

কাফনের কাপড় পরে এনবিআরে অবস্থান কর্মসূচি

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ নিয়ে অসন্তুষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কাফনের কাপড় পরে রাজস্ব ভবনে অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার এনবিআরের বিভিন্ন অফিস থেকে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এসে অবস্থান কর্মসূচিতে যোগ দেন কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল সাড়ে দশটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হচ্ছে। গত শনিবার ডিএমপির পক্ষ থেকে এনবিআর ভবন থেকে বিডা কার্যালয় পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আন্দোলন কর্মসূচীতে যোগ দেওয়া এনবিআরের একজন কর্মকর্তা আমার দেশকে বলেন, আমাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এনবিআর বোর্ড প্রশাসন ৬ সদস্যের যে কমিটি গঠন করেছে তাতে আমাদের কোন প্রতিনিধিকে রাখা হয়নি। বরং আন্দোলন দমাতে কর্মকর্তাদের বদলি করা হচ্ছে। আমাদের আন্দোলন করা ছাড়া উপায় নেই।

চলমান আন্দোলনের মধ্যে আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে বদলি করেছে কর প্রশাসন। গতকাল জারি করা এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়, যা এনবিআর অভ্যন্তরে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- উপ কর কমিশনার শাহ্ মোহাম্মদ ফজলে এলাহী, যিনি আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ময়মনসিংহ কর অঞ্চলে বদলি হয়েছেন; উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, যিনি কর অঞ্চল-১৬ (ঢাকা) থেকে খুলনা কর অঞ্চলে; এবং উপ কর কমিশনার মো. আব্দুল্লাহ ইউসুফ, যিনি এনবিআর বোর্ড অফিস থেকে বগুড়া কর অঞ্চলে বদলি হয়েছেন।

এছাড়া উপ কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিলকে আয়কর গোয়েন্দা ইউনিট থেকে কুমিল্লা কর অঞ্চলে এবং উপ কর কমিশনার নুসরাত জাহান শমীকে কুমিল্লা থেকে রংপুর কর অঞ্চলে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী মঙ্গলবারের (২৫ জুন) মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে এবং সোমবারের (২৪ জুন) মধ্যে বর্তমান দফতরে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করতে হবে।হঠাৎ করে বদলির এ আদেশ চলমান আন্দোলনে নতুনমাত্রা যোগ করেছে। চলমান আন্দোলনকে দূর্বল করতে এ ধরনের বদলির আদেশ দেয়া হয়েছে বলে কর্মকর্তাদের অভিযোগ।

তবে এনবিআরের পক্ষ থেকে এটিকে রুটিন ওয়ার্ক হিসাবে মন্তব্য করা হয়েছে। গত মে মাসে এনবিআরকে দুটি স্বতন্ত্র বিভাগ- রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা’তে বিভক্ত করে অধ্যাদেশ জারি করার পর থেকেই কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি ও অবস্থান কর্মসূচির মতো আন্দোলনে যুক্ত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন