চলতি শীত মৌসুমে শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য ৬ লাখ ৭৯ হাজার কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা জরুরিভিত্তিতে কম্বল ক্রয় করে দুঃস্থদের মাঝে বিতরণ শুরু করেছেন।
শুক্রবার প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আট বিভাগের ৬৪ জেলার ৪৯৫ উপজেলা ও সকল পৌরসভার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল সঠিকভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা দিয়ে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করে জেলা প্রশাসকরা, অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তারা জরুরিভিত্তিতে কম্বল ক্রয় করে দুঃস্থদের মাঝে বিতরণ শুরু করেছেন।
কম্বল বিতরণ এবং ক্রয়ের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকরাকে নির্দেশনা প্রদান করা হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে শীত মৌসুমের শুরুতে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মাঝে ১৫ হাজার ২৫০টি কম্বল বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
প্রসঙ্গত, চলতি মৌসুমের ডিসেম্বর পর্যন্ত তেমন একটা শীতের দেখা না মিললেও জানুয়ারির শুরুতে কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। দুদিন ধরে দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মিলছে না। আবহাওয়া অফিস বলছে, জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। দেশের পশ্চিম, উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং অন্যান্য অঞ্চলে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে এ মাসে শীত জেঁকে বসতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

