ডিএমটিসিএলকে লিগ্যাল নোটিশ

ডিএমটিসিএলকে লিগ্যাল নোটিশ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রকল্পে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া জনবলকে স্থায়ী করার চেষ্টার বিরুদ্ধে কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দিয়েছে স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা। গত সোমবার সংশ্লিষ্ট ১৪ জনকে এ নোটিশ দেন ১০৬ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে লিগ্যাল নোটিশ-দানকারীদের কয়েকজন জানান, তারা বিভিন্ন সময় কর্তৃপক্ষ এবং ডিএমটিসিএল পরিচালনা পর্ষদকে এ বিষয়ে অবহিত করলেও সাড়া দেননি। উপরুন্ত দেশের প্রচলিত আইন এবং সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে অস্থায়ীদের নিয়োগ স্থায়ী করার চেষ্টা চলছে। ফলে নিজেদের অধিকার নিশ্চিত করতে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

তারা বলছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রকল্পে সুপারিশের মাধ্যমে অধিকাংশ নিয়োগ পাওয়া অস্থায়ীদের স্থায়ী করার চেষ্টার পেছনে কাজ করছে একটি চিহ্নিত চক্র। আইনের বাইরে গিয়ে এমনটি করা হলে হাইকোর্টে রিট দায়ের করা হবে। এ অবৈধ কাজে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।

জানা গেছে, এমআরটি লাইন-৬ প্রকল্পের আওতায় সাকুল্য বেতনে ২০১৮ সালের বিজ্ঞপ্তির আলোকে বিভিন্ন সময় নিয়োগ দেওয়া হয়। কর্মচারীদের প্রকল্প চলাকালীন সময়ের জন্য অস্থায়ীভাবে নিয়োগের বিষয়টি নিয়োগপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এছাড়া ডিএমটিসিএলের অধীন অন্যান্য প্রকল্পেও একইভাবে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পে সাকুল্য বেতনে নিয়োগ পেয়েও প্রতি বছর ৪ শর্তাশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন অস্থায়ী নিয়োগকৃতরা। এতে প্রকল্পের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে। কোন আইনের আওতায় তারা ইনক্রিমেন্ট এবং কোম্পানি স্কেলে বেতন নিচ্ছে, সেটি খতিয়ে দেখা উচিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন