বিদায়ী ভাষণে ৫ আগস্টের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “কী মহা মুক্তির দিন ছিল সেদিনটি! সে কী আনন্দের দিন!” দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দে চোখের পানি ফেলেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, তরুণ ছাত্রছাত্রীরা “দৈত্যের গ্রাস” থেকে দেশকে বের করে এনেছিল। দেশ মুক্ত হলেও তখন রাষ্ট্রযন্ত্র পুরোপুরি অচল হয়ে পড়েছিল। কীভাবে অচল দেশকে সচল করা যায়—সেই প্রশ্নই সবার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
তিনি জানান, অভ্যুত্থানের ছাত্রনেতারা দেশ পরিচালনার জন্য একটি সরকার গঠনের সিদ্ধান্ত নেন। সে সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন এবং প্রথমে দায়িত্ব নিতে রাজি হননি। কিন্তু জাতির প্রতি কর্তব্যের কথা স্মরণ করিয়ে ছাত্রনেতারা তাকে রাজি করান।
“বিগত ১৮ মাস আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এখন একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে বিদায় নেওয়ার সময় এসেছে,”—বলেন তিনি।
৫ আগস্টের ঘটনাকে জাতির ইতিহাসে এক অনন্য মুক্তির মুহূর্ত হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, সেই দিনের চেতনা ও দায়িত্ববোধ থেকেই অন্তর্বর্তী সরকার রাষ্ট্রকে সচল ও স্থিতিশীল করার কাজ শুরু করেছিল। ১৮ মাস পর দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

