আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ আবারো পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইমেলা আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। একই সঙ্গে বইমেলায় অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা অ্যাকাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মোঃ মফিদুর রহমান এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। প্রকাশকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। এছাড়া বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। সেইসাথে যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেননি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের স্টল একই দিন সন্ধ্যা ৬টায় বরাদ্দ দেওয়া হবে।
অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

