মালয়েশিয়ায় নির্যাতিত প্রবাসী শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়ায় নির্যাতিত প্রবাসী শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি

মালয়েশিয়ায় নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে দেশে ফেরত আসা শত শত বাংলাদেশি শ্রমিকের জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে মাইগ্র্যান্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক (এমডব্লিউএন)।

সোমবার প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেওয়া হয়।

বিজ্ঞাপন

মন্ত্রীকে স্মারকলিপি প্রদান শেষে মালয়েশিয়ার চাকরিচ্যুত কর্মী আব্দুল্লাহ বলেন, মন্ত্রী আমাদের সব দাবি শুনেছেন এবং বিস্তারিত লিখে নিয়েছেন। হাইকমিশনের মাধ্যমে আমাদের যেসব এজেন্সি পাঠিয়েছিল তাদের মালিকদের ডাকবেন এবং ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়া ক্ষতিপূরণ, ব্ল্যাকলিস্ট—এ বিষয়গুলো নিয়েও কাজ করবে বলে জানানো হয়েছে। পাশাপাশি তারা আমাদের কাছে তালিকা চেয়েছেন, তালিকা দিলে উনারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।

এর আগে স্মারকলিপি দেওয়ার সময় মালয়েশিয়া ফেরত প্রবাসী নিরঞ্জন বলেন, আমরা ২০২৩ সালে ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যাই। সেখানে মেডিসীরাম ও কাওয়াগুছি কোম্পানিতে আমরা কাজ করি। কিন্তু এ কোম্পানিগুলো আমাদের সময়মতো বেতন দিত না। আমাদের প্রত্যেকের ৫ থেকে ৬ মাসের উপরে বেতন বকেয়া রয়েছে, পাসপোর্টগুলা জব্দ করে রেখেছে। এছাড়া সেখানে আমাদের দিয়ে জোরপূর্বক কাজ করাত, এমনকি মারধরও করত।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ভুক্তভোগী শ্রমিকের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ; জোরপূর্বক শ্রম ও নির্যাতনের জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী পূর্ণ ক্ষতিপূরণ প্রদান; জব্দ করা পাসপোর্ট দ্রুত ফেরত; কালো তালিকা বাতিল করে পুনরায় বৈধ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য কার্যকর পুনর্বাসন কর্মসূচি গ্রহণ।

এছাড়া ভবিষ্যতে শূন্য খরচে নিরাপদ অভিবাসন নিশ্চিত; দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা; সংশ্লিষ্ট কোম্পানি ও রিক্রুটমেন্ট সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ; অভিযোগ ব্যবস্থার সংস্কার; আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত এবং অভিবাসন নীতি প্রণয়নে শ্রমিক সংগঠন ও ভুক্তভোগীদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন