বিগত সাড়ে ১৫ বছরে দুর্নীতি, জুলাই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত বিভিন্ন দেশে পালাতক আওয়ামী লীগ নেতা ও বিগত সরকারের মন্ত্রীদের দেশে ফিরে আনতে উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা যারাই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, খুনের মামলা আছে তাদের ব্যাপারে আমরা সিরিয়াস এবং প্রত্যেকে আমরা প্রত্যাবাসন চাইব। তাদের বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হবে। তাদের আইনের আওতায় আনা আমাদের এবং পরবর্তী সরকারের নৈতিক দায়িত্ব।
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
পলাতক নেতাদের দুর্নীতিবাজ আখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে বাহিরে নিয়ে মোজ-পূর্তি করছেন। তাদের ফেরানো অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব। এই কাজটা আমরা করব।
বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বেশির ভাগ নেতার হাতে রক্ত লেগে আছে উল্লেখ করে তিনি বলেন, তারা মানবাধিকার লঙ্ঘনের অভিযুক্ত। বড় বড় দুর্নীতিতে যুক্ত।
নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে ইসলামপন্থি দলগুলোর আপত্তির বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, প্রতিবেদনটি ঐকমত্য কমিশনে যাবে। তা নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। কারণ অনেকগুলো বিষয়ে রাজনৈতিকভাবে আলাপ-আলোচনার বিষয়। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে আমরা প্রতিবেদনের কতটুকু নেব, কতটুকু নেব না।
আর্থনা সম্মেলনে যোগ দিতে সোমবার সন্ধ্যা সাতটায় কাতারের উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। সফরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। সফরে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান প্রেস সচিব। সফরে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান যাবেন উল্লেখ করে তিনি বলেন, কাতারে সঙ্গে আমাদের এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। ভিসা সংক্রান্ত ইস্যু নিয়ে আলাপ করব। এ ছাড়া অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলাপ হবে। কাতারের উদ্যোক্তাদের নিয়ে ২৩ এপ্রিল বাণিজ্য সম্মেলন হবে, আশা করি সাড়া পাব। প্রধান উপদেষ্টা আল-জাজিরাকে সাক্ষাৎকার দেবেন বলে জানিয়েছেন প্রেস সচিব।
কাতারে রোহিঙ্গাদের নিয়ে আড়াই ঘণ্টা ব্যাপী একটি সম্মেলন হবে উল্লেখ করেন তিনি বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সম্মেলনে রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিকভাবে সম্পৃক্ত অনেকেই অংশ নেবেন। আশা করি ফলপ্রসূ বৈঠক হবে। যে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত রোহিঙ্গা সম্মেলনের প্রাক-প্রস্তুতি।
কাতারে বাংলাদেশের শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এ পরিকল্পনা আমাদের অনেক দিন ধরেই আছে। আমরা একই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। যাতে করে দেশটির বাজার আমাদের উন্মুক্ত হয়। আরও শ্রমিক বাংলাদেশ থেকে নেয়, সে বিষয়ে আমরা দেখছি। একইভাবে অন্যান্য যেসব দেশে আমাদের ভাই-বোনেরা কাজ পেতে পারেন তা নিয়ে কাজ করছি। শ্রমবাজারগুলো আরও ভালো বেতনে, বেশি সংখ্যক যেতে পারে সেটা সরকারে অগ্রাধিকার।
সফর শেষে প্রধান উপদেষ্টার ২৪ এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

