আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে নির্বাচনি দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের

স্টাফ রিপোর্টার

নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে নির্বাচনি দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি রোববার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এসময় সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সেনাবাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও, পরিদর্শনকালে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান ত্রিশালে অবস্থিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি বোর্ড মিটিং এ অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ পরিদর্শনকালে, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া; মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার; সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সেনাসদর ও ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন