নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে: র‍্যাব

স্টাফ রিপোর্টার

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে: র‍্যাব

দেশে জঙ্গি হামলার কোন আশঙ্কা বা হুমকি এই মুহূর্তে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব। তারা প্রত্যাশা করছে, অপরাধীরা এই ধরনের সাহস অন্তত করবে না। তবে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

তিনি জানান, আমরা যেকোনো হুমকি, যেকোনো ঝুঁকি গুরুত্বসহকারে বিবেচনা করে সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি। এই বিষটি আমরা অবগত হয়েছি। গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিস এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ভবন গুলোতে নিরাপত্তা দিতে আমাদের টহল, গোয়েন্দা নজরদারি চলমান আছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়জিত রয়েছে। তবে আমরা আশা করি, এরকম কোনো আশঙ্কা বা হুমকি এই মুহূর্তে দেখছি না। অপরাধীরা এই ধরনের সাহস অন্তত করবে না। আমাদের সেই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিপ্লোয়মেন্ট রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুর ও পল্টনের বিভিন্ন স্থানে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছেন। পরে র‍্যাব-২ এর সদস্যরা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা হলেন আব্দুর রহমান, রহমত উল্লাহ, মনিরুল ইসলাম ওরফে রাডার মনির, মো. নুর হোসেন, আল আমিন ওরফে ফাটা আল আমিন ও মো. সুর নবী।

এসময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং এক লাখ দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া একই রাতে মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়।

তিনি আরও জানান, অপরাধীরা যাতে অপরাধ করতে না পারে সে জন্য ২৪টি টহল দল মোহাম্মদপুর, আদরবর, ধানমন্ডি, নিউ মার্কেট ও শেরে-বাংলা নগর এলাকায় টহল পরিচালনা করছে। আমরা মোটরসাইকেলে টহল দিচ্ছি। আমাদের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যৌথ সহযোগিতায় কাজ করছে। এর আগেও সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ আমরা জেনেভা ক্যাম্পে ডজনের ওপর ব্লক রেইড দিয়েছি। জেনেভা ক্যাম্পে যে মাদকের প্রবণতা, আমরা তা অনেকাংশে কমিয়েছি। আমাদের এই ধারাবাহিকতা এখনো চলছে। সামনেও চলমান থাকবে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন