যমুনা সেতু এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্পে ১২০ একর জমি ইজারা দেবে সেতু কর্তৃপক্ষ
যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ১২০ একর জমি ইজারা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সেইসঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নীতিমালা সংশোধন, সেতু কর্তৃপক্ষের আওতায় সৌরবিদ্যুৎ স্থাপনে মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং সেন্টার ফর ব্রিজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিবিআরটি) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সেতু ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার শুরুতে সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আলোচ্যসূচি ও আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।
বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডকে (এনডব্লিউপিজিসিএল) যমুনা সেতু সাইটে ১২০ একর জমি ইজারা দেওয়া হবে। সেখানে ৫৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, যা পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি উৎপাদনে সহায়ক হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকার আরও সুসংহত করতে পুনর্বাসন ভিলেজে ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া সেতু কর্তৃপক্ষের কার্যপরিধিতে সৌর প্যানেল স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করে এ সংক্রান্ত একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এটিকে সরকারের সবুজ কর্মসংস্থান ও নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সভায় উত্তরার দিয়াবাড়িতে বিআইএএম ল্যাবরেটরি স্কুল পরিচালনা সংক্রান্ত চুক্তি পুনর্বহালের প্রস্তাবও গৃহীত হয়।
বৃহত্তর স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে পেশাগত জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সেন্টার ফর ব্রিজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিবিআরটি) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১০-এর আওতায় ‘বার্ষিক বৃত্তি প্রদান’ শব্দের পরিবর্তে ‘বার্ষিক শিক্ষা অনুদান সহায়তা’ শব্দ ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান শেখ রবিউল আলম সভাপতির বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার টেকসই ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।’ বোর্ডে গৃহীত সব সিদ্ধান্ত দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
সভায় বোর্ডের সদস্যরা সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি জুম অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বিভিন্ন প্রস্তাবের ওপর মতামত দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


