নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং কমিশন বাণিজ্যের অভিযোগে দল থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। খুব শীঘ্রই তার বিরুদ্ধে তদন্ত শেষ করে আইনানুগ মামলা দায়ের করা হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, কারও বিরুদ্ধে কোন অভিযোগ আসলে অথবা কোন সংবাদপত্রে কারও বিরুদ্ধে অবৈধ আয় করে সম্পদ অর্জনের খবর প্রকাশিত হলে সেগুলোর ব্যাপারে তদন্ত প্রক্রিয়া শুরু হয়। তানভীরের বিষয়টি আমরা আমলে নিয়েছি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। খুব শীঘ্রই তার ব্যাপারে তদন্ত শেষ করা হবে।
উল্লেখ্য, জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে তানভীরের বিরুদ্ধে। এনিয়ে এনসিপির পক্ষ থেকে তাকে নোটিশ দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

