উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে দেশে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, বর্তমানে বাংলাদেশে জ্বালানি কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। সময়ের সঙ্গে সঙ্গে সংকট কমে যাবে।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, যদিও সাম্প্রতিককালে আমরা দেখেছি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। এই প্রশ্ন আসতেই পারে তাহলে কেন দীর্ঘ লাইন? আমাদের স্বাভাবিক যে চাহিদা, সেই চাহিদার চাইতে গত সপ্তাহের পাঁচ দিন কার্যত দু থেকে তিন গুণ কিন্তু জ্বালানি সরবরাহ করেও কিন্তু আমরা মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা অনেক ক্ষেত্রে কমাতে পারিনি কিংবা কমেনি - মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি- জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে।'
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে একটি সংকট চলছে। সে সংকট যত দীর্ঘায়িত হবে এটা বৈশ্বিক সংকটে পরিণত হবে। এই সংকট থেকে উত্তরণের পথ আসলে এককভাবে কোনো দেশের পক্ষে খুঁজে বের করা কঠিন। সম্মিলিতভাবেই এই সংকট উত্তরণের পথ খুঁজতে হবে- বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা চেষ্টা করছি, যাতে করে জনদুর্ভোগ কমানো যায়। না হলে অন্তত সহনীয় মাত্রায় রাখা যায়।'
এই অস্বাভাবিক চাহিদা কোনো যৌক্তিক কারণে ছিল না মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, এটি উদ্বেগ-উৎকণ্ঠা থেকে, প্যানিক বায়িং থেকে এটি হতে ঘটতে পারে। আমরা এটাকে অস্বাভাবিকভাবে নয়, স্বাভাবিকভাবে দেখেছি। সমাধান করবার চেষ্টা করেছি।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

