দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৬ জন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এর আগের দিন সোমবারও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে আক্রান্ত হয়েছিলেন ২৩৯ জন।
এ নিয়ে চলতি মাসের প্রথম সাত দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০২ জনে। এ সময় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৯০৭ জন এবং মারা যান ১৩ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে ৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে (সব ক্ষেত্রেই সিটি করপোরেশনের বাইরে) ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ১৩৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ৭ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭ হাজার ৩০৬ জন। তাদের মধ্যে ৬০ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৩ শতাংশ নারী।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ১ জন মারা গেছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

