দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে সরকার এবার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। গরুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট গতবছরের চেয়ে ৫ টাকা বাড়িয়ে ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা করা হয়েছে।
সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আসন্ন কোরবানির ঈদে জবেহকৃত পশুর চামড়ার নতুন দাম ঘোষণা করেন।
খাসির লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকায় গরুর চামড়া প্রতি পিস ১৩৫০ টাকার নিচে কেনা যাবে না এবং ঢাকার বাইরের চামড়া ১১৫০ টাকার নিচে কেনা যাবে না।
উপদেষ্টা বলেন, ঈদের পর অন্তত ১৫ দিন পর্যন্ত কাঁচা চামড়া স্থানীয় ব্যবস্থাপনায় সংরক্ষণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ, হাট-বাজার ব্যবস্থাপনাসহ তিন মাসের জন্য কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত শিথিল থাকবে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

