প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে নিজ স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে ডাকবিভাগের মোবাইল ব্যাংকিং সেবা নগদের উচ্চপদে নিয়োগে অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়মের অভিযোগে আতিক মোর্শেদ ও তার স্ত্রীর জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলে জানা গেছে।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানায়, আতিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তিনি নগদের কোনো কর্মকর্তা না হয়েও সেখানে অফিস করেন। অভিযোগের প্রেক্ষিতে আলোচনা-সমালোচনা শুরু হলে রোববার নগদে অভিযান পরিচালনা করে দুদক। এসময়, কাগজপত্র বিশ্লেষণ করে জাকিয়া সুলতানা জুঁইকে নিয়োগের ব্যাপারে অনিয়মের সত্যতা পাওয়া যায়।
এদিকে, রোববার সংস্থাটির কর্মকর্তারা নগদের গুলশান অফিসে অভিযান পরিচালনা করেন। পরে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন জানান, নগদে অভিযান চালিয়ে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তার স্ত্রীকে চাকরি দেওয়ার ক্ষেত্রে অসংগতির তথ্য মিলেছে। নগদের গত দুই মাসের বিল ভাউচারের মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিষয়েও তদন্ত চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

