খালেদা জিয়ার সুস্থতা কামনায় আরবি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আরবি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলমের নির্দেশনায় রোববার বাদ আসর বিশ্ববিদ্যালয় মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় আলোচনা করেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ এবং রেজিস্ট্রার মো. আইউব হোসেন।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ড. রফিক আল মামুন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজি, উপপরিচালক জিয়াউর রহমান প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন দেশপ্রেমিক নেত্রী, জাতীয় ঐক্যের প্রতীক। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের সংকটময় মুহূর্তে তিনি জাতিকে নেতৃত্ব দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র দীর্ঘ সময়ের চেয়ারপারসন হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। চারদলীয় জোট, বিশদলীয় জোটসহ সরকার ও বিরোধী দুই অবস্থানেই সফল নেতৃত্ব দিয়েছেন। শত জুলুম-নির্যাতন সত্ত্বেও দেশ ছেড়ে কখনো যাননি—দেশের মানুষের সঙ্গেই ছিলেন। দীর্ঘদিন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন তিনি।

বক্তারা আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি গণতন্ত্রের পক্ষে অটল ছিলেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক এই কঠিন মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত জরুরি।

আলোচনা শেষে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইমাম হাফেজ মোয়াজ্জেম হোসেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন