ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আক্রোশের শিকার হয় দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল ‘চ্যানেল ওয়ান’। তৎকালীন নির্বাহী প্রধানে আদেশে চ্যালেনটির সম্প্রচার বন্ধ করা হয়েছিল।
দীর্ঘ ১৬ বছর পর গতকাল সোমবার সন্ধ্যায় ফের সম্প্রচারে ফিরল সেই সময়ের আলোচিত নিউজ চ্যানেলটি। এর ফলে পুরাতন ও নতুনদের সমন্বয়ে ফেরা চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে স্বস্তি ফিরেছে। শুধু এই চ্যানেলটি নয়, দৈনিক আমার দেশ, দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভিসহ বেশটি গণমাধ্যমকে সে সময়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু দিগন্ত টেলিভিশন ছাড়া অন্যগুলো এখন সম্প্রচারে রয়েছে।
এর আগে গত রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে সম্প্রচারে ফেরা সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওই সংবাদ সম্মেলনে চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন জানিয়েছিলেন, ‘২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য-বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে চ্যানেল ওয়ান যাত্রা শুরু করে। শুরু থেকেই আমরা দর্শকের চাহিদার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ এবং রুচির বিষয়টি গুরুত্ব দিয়েছি। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের প্রধান কাজ-আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। এ কারণেই সে সময় চ্যানেল ওয়ান অনেক মন্ত্রীর বিরাগভাজন হয়েছিল। তিনি বলেন, সংবাদের দলনিরপেক্ষতা ও নৈতিক অবস্থান বজায় রাখার কারণেই চ্যানেল ওয়ান দ্রুত দর্শকপ্রিয়তা অর্জন করে।
উল্লেখ্য, সম্প্রচার শুরুর ৪ বছরের মাথায় ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর আগ মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করা হয় বলে চ্যানেল কর্তৃপক্ষ দাবি করেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় চ্যানেল ওয়ান বন্ধ হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তখন হাইকোর্টে আবেদন করা হলেও চ্যানেল বন্ধের আবেদনটি তখন খারিজ হয়ে যায়। ফলে এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করে চ্যানেল ওয়ান।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছিলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা আবারও সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই শুরু করি। অবশেষে আমরা সফল হয়েছি। তিনি জানান, চ্যানেল ওয়ান বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০১০ সালে যে সিদ্ধান্ত দিয়েছিল, গত বছরের ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ তা স্থগিত করে। ফলে সম্প্রচারের সব আইনি বাধা দূর হয়।
গিয়াস উদ্দিন আল মামুন বলেছিলেন, ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে আমরা আবার বাণিজ্যিক সম্প্রচার শুরু করব। ব্যবস্থাপনা পরিচালনার প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘ ১৬ বছর আগে ঠিক যেদিন চ্যানেলটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল; ওই সময়েই তারা সম্প্রচারে ফিরলেন।
চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ জানিয়েছেন, আগের মতোই এবারও সংবাদে দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার নীতি বজায় রাখা হবে। দর্শকের আস্থা ও জনপ্রিয়তার জায়গাটি ধরে রেখে তারা সামনে এগিয়ে যাবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

