জনতার দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে আধুনিক পুলিশি সেবা: আইজিপি

স্টাফ রিপোর্টার

জনতার দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে আধুনিক পুলিশি সেবা: আইজিপি

দ্রুত সম্প্রসায়নশীল রাজধানীর পূর্বাচল ও ৩০০ ফিট এলাকায় আইনশৃঙ্খলা জোরদার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে খিলক্ষেত থানা এলাকায় নতুন একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে সংলগ্ন স্থানে নবনির্মিত এই ফাঁড়ি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, নগরবাসীর দ্বারপ্রান্তে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। পূর্বাচল নতুন শহরকে কেন্দ্র করে রাজধানীর পূর্ব অংশে আবাসন ও বাণিজ্যিক স্থাপনার বিস্তার ঘটায় জনঘনত্ব ও যানবাহনের চাপ বাড়ছে। ফলে খিলক্ষেত থানার আওতাধীন বরুয়া, ডুমনি, পাতিরা, তলনা ও সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে।

পুলিশ প্রধান আরও জানান, এসব এলাকা মূল থানা থেকে অনেকটা দূরবর্তী হওয়ায় জরুরি মুহূর্তে দ্রুত পুলিশ পৌঁছানো কঠিন ছিল। জমি নিয়ে বিরোধ, ছিনতাই, মাদকসহ নানা অপরাধ দমনে সার্বক্ষণিক পুলিশি টহলের প্রয়োজনীয়তা বেড়েছে। নতুন এই ফাঁড়ি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা দ্রুত সহায়তা পাবেন এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর সম্প্রসায়িত এলাকায় দ্রুত সেবা পৌঁছে দিতে নতুন অবকাঠামো নির্মাণ করে চলেছে ডিএমপি। এই ফাঁড়ি খিলক্ষেত ও ৩০০ ফিট করিডোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখবে।

পুলিশ সপ্তাহ প্রসঙ্গে আইজিপি বলেন, করোনা পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে পুলিশ সপ্তাহ সঠিকভাবে উদযাপন সম্ভব হয়নি। নতুন গণতান্ত্রিক সরকারের আমলে প্রথম পুলিশ সপ্তাহ উদযাপিত হচ্ছে। সরকারের সহযোগিতায় পুলিশ বাহিনীকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পোশাক পরিবর্তনের বিষয়ে অনুমোদন সাপেক্ষে বিস্তারিত জানানো হবে। বর্তমান সরকার আইনশৃঙ্খলা উন্নয়নে আন্তরিক এবং সঠিক সময়ে পুলিশের দাবিগুলো পূরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

জনবল সংকট প্রসঙ্গে আইজিপি জানান, বর্তমানে প্রায় দুই লাখ বিশ হাজার পুলিশ সদস্য রয়েছে, কিন্তু মানসম্মত আবাসনের ঘাটতি রয়েছে। সরকার এ বিষয়ে সচেতন এবং আগামী অর্থবছরে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে। পুলিশ প্রধান নাগরিক ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, নিরাপদ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

জানা গেছে, নতুন ফাঁড়ি চালু হওয়ায় ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে ও পূর্বাচল সংলগ্ন এলাকায় টহল, ট্রাফিক নজরদারি ও অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার হবে। দ্রুত বর্ধনশীল আবাসিক প্রকল্প ও বাণিজ্যিক জোনে নিরাপত্তা নিশ্চিতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পূর্বাচলে দ্রুত বিস্তৃত নগরায়ণ, আবাসন প্রকল্পের বিস্তার এবং ৩০০ ফিট এক্সপ্রেসওয়েকে ঘিরে বাড়তে থাকা জনচাপের বাস্তবতায় নিরাপত্তা প্রেক্ষাপটে খিলক্ষেত এলাকায় নতুনে এই পুলিশ ফাঁড়ি শুধু একটি ফাঁড়ি নয়—পূর্বাচল করিডোরে নিরাপত্তা ও তাৎক্ষণিক পুলিশি সেবার নতুন কেন্দ্র হিসেবেই কাজ করবে বলে ব্যাপকভাবে মনে করা হচ্ছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...