উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

উপ-উপাচার্য পদ থেকে এমাজউদ্দিন কন্যা ড. দিল রওশনকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার

উপ-উপাচার্য পদ থেকে এমাজউদ্দিন কন্যা ড. দিল রওশনকে অব্যাহতি

মেয়াদ পূর্তির প্রায় আড়াই বছর আগেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই অব্যাহতি দিয়ে তাকে মূলপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

একই দিনের আরেক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৯ অক্টোবর চার বছর মেয়াদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেব উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী মরহুম অধ্যাপক এমাজউদ্দিন আহমদের মেয়ে।

সূত্রমতে, দীর্ঘ ৩৯ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। বিএনপিপন্থি সাদা দলের শিক্ষক হিসেবে পতিত আওয়ামী সরকারের সময়ে নানা ইস্যুতে বিশ্ববিদ্যালয়টিতে সোচ্চার ছিলেন তিনি। যে কারণে তৎকালীন আওয়ামী প্রশাসনের রোষানলে পড়ে তিনি ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। তার এসব অবদান ও যোগ্যতা বিবেচনায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে তাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। সেখানে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

তবে আকস্মিকভাবে এই শিক্ষাবিদকে অব্যাহতি দেওয়ায় সংশ্লিষ্ট মহলে বেশ হতাশা দেখা দিয়েছে। ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন নিজেও হতবাক ও বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাকে অব্যাহতি দেওয়ার কোন কারণ আছে বলে আমার জানা নেই। তবে আমি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলাম, সে কারণে হয়তো কোন মহল আমার বিরুদ্ধে অবস্থান নিতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন