শিশুদের বেড়ে ওঠার অনুকূল পরিবেশ না থাকায় উদ্বেগ স্বাস্থ্য উপদেষ্টার

শিশুদের বেড়ে ওঠার অনুকূল পরিবেশ না থাকায় উদ্বেগ স্বাস্থ্য উপদেষ্টার

শিশুদের বেড়ে ওঠার অনুকূল পরিবেশ না থাকা উদ্বেগজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেছেন, ‘এখন মাঠ নেই, উঠান নেই। শিশুরা মোবাইল, ইন্টারনেট আর ফাস্টফুডে আসক্ত হচ্ছে। খেলাধুলা ও দূষণমুক্ত পরিবেশ ছাড়া এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয়।’

বুধবার রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দুঃখ প্রকাশ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘অনেক আন্দোলন দেখি, কিন্তু আজ পর্যন্ত খেলার মাঠ বা দূষণমুক্ত শহরের জন্য কেউ আন্দোলন করেনি। সারাদেশকে হাসপাতাল বানালেও লাভ নেই, যদি রোগ প্রতিরোধে মনোযোগ না দেওয়া হয়।’

তিনি বলেন, ‘পুষ্টিহীনতা থাকলে মস্তিষ্ক সঠিকভাবে বিকশিত হয় না। এতে মনোযোগ কমে যায়, কর্মক্ষমতা হ্রাস পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে ‘ তার মতে, পুষ্টি শুধু খাদ্যের পরিমাণে নয়, খাদ্য তৈরির প্রক্রিয়াতেও গুরুত্ব দেওয়া জরুরি।

নুরজাহান বেগম আরও বলেন, ‘পুষ্টিকর তরকারি ভুল প্রক্রিয়ায় রান্না করলে তার গুণাগুণ থাকে না। শুধু তাই নয়, খাদ্যের উৎস কৃষিতেও সচেতনতা জরুরি। সেখানে অতিমাত্রায় রাসায়নিক ব্যবহার হচ্ছে, যা আমাদের শরীরে প্রবেশ করে নানা সমস্যা সৃষ্টি করছে।

এ সময় ডেঙ্গুর মতো প্রতিরোধযোগ্য রোগে কেন মানুষ মারা যাবে, সেই প্রশ্নও তোলেন স্বাস্থ্য উপদেষ্টা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন