ড. ইউনূসের ওপর হামলাকারীদের ‘গাধার দল’ বললেন আসিফ নজরুল

ড. ইউনূসের ওপর হামলাকারীদের ‘গাধার দল’ বললেন আসিফ নজরুল

যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অপচেষ্টার তীব্র সমালোচনা করে সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সারা বিশ্বে ড. ইউনূসের গ্রহণযোগ্যতা ও সম্মান এতটাই উঁচুতে যে তার বিরুদ্ধে অযথা গালাগাল করা আর সূর্যের দিকে ঢিল ছোড়া একই কথা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, ‘হুইলচেয়ারে একা একটা মানুষ। তার সামনে হঠাৎ এসে চিৎকার করে টেররিস্ট, ট্রেইটর বলে দিলেন, আর তার মান-সম্মান চলে গেল! কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা!’

বিগত ফ্যাসিবাদী শাসনের সুবিধাভোগীদের উদ্দেশ করে তিনি লেখেন, ‘ফ্যাসিস্ট খুনি শাসকের দোসর-অনুসারী এবং হৃদয়ে বাকশালধারী সুশীল বাবুরা, ভালো করে শোনেন। আপনারা সুদূরতম কল্পনাতেও বুঝতে পারবেন না, ড. ইউনূস কতটা শ্রদ্ধেয় মানুষ সারা পৃথিবীতে। তার কাজ কতটা অনুকরণীয় হয়েছে সারা বিশ্বে। এমনকি আপনাদের প্রিয় ভারতেও! ভারতের দুই আইনসভার যৌথ অধিবেশন ডেকে কাকে সম্মানিত করা হয়েছিল, মনে আছে?’

বিশ্বমঞ্চে ড. ইউনূসের প্রভাব ও মর্যাদার তুলনা টেনে আসিফ নজরুল উল্লেখ করেন, ‘আপনাদের মালকিন বা প্রভুদের দৌড় রাষ্ট্রদূত পর্যন্ত। আর ড. ইউনূসের জন্য হৃদয় উন্মুক্ত নেলসন ম্যান্ডেলা থেকে বিল গেটসের! আমি নিজে শক্তিশালী রাষ্ট্রপতি, রাজা-রানি আর করপোরেট দুনিয়ার শীর্ষ ব্যক্তিদের দেখেছি তার সান্নিধ্যে আপ্লুত হতে, তাকে তন্ময় হয়ে শুনতে।’

হেনস্তাকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে আইন উপদেষ্টা লেখেন, ‘আর আপনি, তুচ্ছ এক জীবন যাপন করা মানুষ, ড. ইউনূসকে সন্ত্রাসী বলে একটা হাঁক দিলেন, মিথ্যে গালাগালি করলেন—এতে তাঁর কী ক্ষতি হবে? সূর্যের দিকে ঢিল ছুড়ে মারলে কী হয়? কতটা আলো আড়াল হয় তাতে?’

পোস্টের শেষাংশে এ ধরনের অপচেষ্টাকে ধিক্কার জানিয়ে ড. আসিফ নজরুল মন্তব্য করেন, ‘গাধার দল!’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন