ঊনসত্তরের গণঅভ্যুত্থান ইতিহাসের তাৎপর্যপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ঊনসত্তরের গণঅভ্যুত্থান ইতিহাসের তাৎপর্যপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

ঊনসত্তরের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। চব্বিশের গণঅভ্যুত্থানে অর্জিত অন্তর্বর্তী সরকারসহ সকলের সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা দায়িত্ব মন্তব্য করে তিনি বলেন, যাতে আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি।

বৃহস্পতিবার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, বাঙালির মুক্তিসনদ ৬ দফা, পরবর্তীকালে ১১ দফা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা।

বিজ্ঞাপন

১৯৬৯ সালের পুরো জানুয়ারি মাস আন্দোলনে উত্তাল ছিল উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের সংকল্প নিয়ে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি সংগ্রামী জনতা শাসকগোষ্ঠীর দমন-পীড়ন ও সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করেন। মিছিলে পুলিশের গুলিবর্ষণে ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান মল্লিক এবং মকবুল, আনোয়ার, রুস্তম, মিলন, আলমগীরসহ অনেকে শহীদ হন। অপশাসন ও শোষণের বিরুদ্ধে ঊনসত্তরের গণঅভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে।

এই মহান দিনের স্মরণে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের ফলে অর্জিত অন্তর্বর্তী সরকারসহ সকলের দায়িত্ব হলো সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা, যাতে আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি। শহীদ মতিউরসহ দেশের মুক্তি সংগ্রামের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন