ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। হাট ঘুরে দেখার সময় তিনি ছবি তোলেন এবং বিক্রেতা ও উপস্থিত মানুষের সঙ্গে কথা বলেন। পরে এসব ছবি ফেসবুক পেজে প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
বুধবার ভেরিফায়েড পেজের পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘পরিবারগুলো যখন ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছে, তখন কোরবানির পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা দারুণ ছিল। সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা।’
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন একটি গরুর হাটে ছাতা হাতে ঘুরে বেড়াচ্ছেন। এক ছবিতে তাকে কয়েকটি গরুর পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়। আরেকটি ছবিতে একটি কালো ছাগলের পাশে বসে থাম্বস-আপ দিচ্ছেন তিনি। অন্য একটি ছবিতে দেখা যায় সাজানো একটি বড় গরুর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন মার্কিন রাষ্ট্রদূত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


